সোমবার (২৯ জুন) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বিভাগীয় মামলার মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৫/২৫ নম্বর বিভাগীয় মামলায় রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী (বর্তমান কর্মস্থল: উপজেলা সেটেলমেন্ট অফিস, বেড়া, পাবনা) মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এ ছাড়া ২৪/২৫ নম্বর বিভাগীয় মামলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার রেজভীন আখতারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বেতন গ্রেডে এক ধাপ নিম্নে অবনমিত করার লঘুদণ্ড দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি সেবাকে হয়রানিমুক্ত, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।