• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

পুলিশের ওপর হামলা চালিয়ে ২ জনকে ছিনিয়ে নিল একদল লোক

স্টাফ রিপোর্টার / ২২৪ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নরসিংদী সদর উপজেলার পৌর এলাকার আরশীনগর মোড়ে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করে পুলিশ। আটক দুইজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে একদল লোক। হামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে আটজন পুলিশ সদস্য নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনায় পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার পথে আরশীনগর মোড়ে তারা দেখতে পান, কয়েকজন ব্যক্তি অটোরিকশা ও সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। এ সময় পুলিশ দুইজনকে হাতেনাতে আটক করে। পরে পেছন থেকে অন্য চাঁদাবাজরা হামলা চালায়। হামলাকারীরা আনোয়ার হোসেনের ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির জানান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তার ঘাড় ও পায়ে আঘাতজনিত রক্ত জমাট বেঁধেছে। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, বীরপুর এলাকা থেকে ফেরার পথে দেখি- কয়েকজন চলন্ত গাড়ি থেকে চাঁদা তুলছে। জিজ্ঞাসা করতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে ৪০-৫০ জন মিলে মব তৈরি করে আমার ওপর হামলা চালায়। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি পড়ে গেলে লাথি, কিল ও ঘুষি মারে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হামলায় কারা জড়িত এ বিষয়ে তিনি বলেন, আরশীনগর মোড়ের পাশে সিএনজি স্টেশনের ইজারাদারের লোকজনই হামলা চালিয়েছে এবং আটককৃত দুজনকে ছিনিয়ে নিয়েছে।

পুলিশের ওপর হামলার ঘটনাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার আলমগীর বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটে নাই। পৌর নিয়মনীতি ও বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশ বাধা দেওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনেছি।’

ইজারাদার আরও বলেন, নরসিংদী পৌর প্রশাসক সাতটি স্থান নির্ধারিত করে দিয়েছেন, সে নির্ধারিত স্থানের মধ্যে আরশীনগর মোড় এলাকা রয়েছে। পুলিশের অভিযোগ থাকলে পৌর প্রশাসককে অবহিত করুক, আমাকে হয়রানি করার অর্থ হয় না।

নরসিংদী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, আমি মিটিংয়ে আছি, আমি এখনো ঘটনা জানি না। ঘটনা জানার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category