• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগ: সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে বদলি

স্টাফ রিপোর্টার / ৩২৩ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে।

দুদকের অভিযানের ১০ দিন পর বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

একইসঙ্গে আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান মো. মুহিদুল হাসান।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে আমিনুল ইসলামকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান করে বদলি করা হয়েছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কলেজ পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

বদলি প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, “কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এতে আমি অসন্তুষ্ট নই। আমি নিজেও এত চাপ নিতে পারছিলাম না।”

২০২৪ সালের ৯ সেপ্টেম্বর অধ্যাপক আমিনুল ইসলাম অধ্যক্ষ হিসেবে সিরাজগঞ্জ সরকারি কলেজে যোগদান করেন। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের খবর প্রকাশ হয়। এর মধ্যে ২৪ অগাস্ট সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানিতে বিষয়গুলো অভিযোগ আকারে উত্থাপিত করা হয়।

সেই সময় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী অভিযোগগুলো দুদকের তফসিলভুক্ত করে তদন্তের নির্দেশ দেন। পরে ১৫ সেপ্টেম্বর দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে একটি দল কলেজ পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

অধ্যক্ষের বিরুদ্ধে কিছু বিষয়ে অনিয়মের প্রমাণ পাওয়ারও দাবি করেছেন দুদকের পরিদর্শন দলের প্রধান সাধন কুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category