দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্প রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে পরিকল্পনা অনুমোদন দিতে সহায়তা করার অভিযোগ ওঠে। সেই মামলার তদন্ত প্রতিবেদন সময়মতো জমা না দেয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
২০২৩ সালের নভেম্বর থেকে মোঃ আহসানুল কবীর পলাশকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল। তবে তিনি সংশ্লিষ্ট নথি সংক্রান্ত কোনো প্রতিবেদন সময়মতো জমা দেননি এবং সময় বৃদ্ধির জন্য আবেদনও করেননি। দুর্নীতি দমন কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজন দেখা দেয়।কমিশনের ১৬ জুলাই ২০২৫ তারিখের সভায় ৪৩(১) বিধি অনুযায়ী তার চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। এই বরখাস্ত আজ ৬ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় তিনি নিয়মমাফিক খোরাকী ভাতা পাবেন। বিষয়টি সংশ্লিষ্ট মহাপরিচালক, কমিশনার এবং পরিচালকগণের কাছে জানানো হয়েছে।