দায়িত্বে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি, তহবিল তছরুপ ও প্রতারণার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
ডিএনসিসির আদেশে উল্লেখ করা হয় আরিফুর রহমান আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করে ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন। এজন্য ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধান অনুযায়ী অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই বিধান অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন এবং আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে জারি করা হয়েছে।