• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

কুসিকের ড্রেন নির্মাণে দুর্নীতির অভিযোগ, কাজ বন্ধ

স্টাফ রিপোর্টার / ২১৪ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) সদর দক্ষিণ থানাধীন ২২নং ওয়ার্ডের শ্রীবল্লভপুর পশ্চিম পাড়ায় ড্রেন নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী।

নিয়মনীতির তোয়াক্কা না করে রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে পানি, ময়লা ও কাদাযুক্ত মাটির মধ্যেই চলছে ড্রেনের ঢালাইয়ের কাজ। নির্মাণ কাজ চলা অবস্থায় ড্রেনের একাংশ হেলে পড়েছে।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার অবগত করার পরও কোনো সমাধান না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার (২৬ জুলাই) দুপুর ১ টার দিকে ড্রেনের নির্মাণ কাজ বন্ধ করে দেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও মহানগর যুবদল সদস্য মোতালেব হোসেন বলেন, সিটি কর্পোরেশন দক্ষিণ অংশের মধ্যে শ্রীবল্লভপুর পশ্চিম পাড়া সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লিংক রোড হিসেবে প্রতিদিন হাজারো মানুষ এই সড়কে চলাচল করে। অথচ ড্রেন নির্মাণের নামে দীর্ঘদিন ধরে ঠিকাদার এ সড়ক বন্ধ করে রেখেছে।

এরই মধ্যে রাতের আঁধারে পানি, ময়লা ও কাঁদাযুক্ত মাটির মধ্যেই চলছে ড্রেনের ঢালাই কাজ। কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় এবং ঠিকাদারের দুর্নীতির কারণে কাজ চলা অবস্থায় ড্রেনটি একদিকে হেলে পড়েছে।

একাধিকবার অবগত করার পরও কর্ণপাত না করায় এলাকাবাসী ড্রেনের কাজ বন্ধ করে দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠিকাদারের কাজগুলো করছে একটি ঠিকাদার সিন্ডিকেট।

এই কাজের ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত এই সমস্যার সমাধানে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছি। যেন দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয় এবং কাজের মান নিশ্চিত করে।

ষাটোর্ধ্ব বয়সী বাবুল মিয়া বলেন, এতটুকু ড্রেন নির্মাণে কাজের শুরুতেই দুই নম্বরি করা শুরু করে দিয়েছেন ঠিকাদার। এলাকাবাসীর পক্ষ থেকে বলা হলেও তারা শোনেনি। কোনো উপায় না পেয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। আমাদের দাবি, কাজটা যেন সঠিক নিয়মে হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন চিশতী বলেন, কাজে অনিয়মকারী ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category