• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

বিপিএলে ফিক্সিং: এবার শাস্তি পেলেন দলের মালিক ও ম্যানেজার

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বশেষ আসরে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হলেন আরও দুজন। এর আগে এ মাসের শুরুতে শাস্তি পেয়েছিলেন আমিনুল ইসলামের বোর্ডের সাবেক পরিচালক মোখলেছুর রহমানসহ তিনজন। এবার সাময়িকভাবে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো চট্টগ্রাম রয়্যালসের মালিক আব্দুল কাইয়ুম ও দুর্বার রাজশাহীর ম্যানেজার আমিন খানকে।

বিপিএলের গত আসরে শুরুতে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল ট্রায়াঙ্গল সার্ভিসেস। তবে ক্রিকেটারদের টাকা দিতে না পেরে টুর্নামেন্ট শুরুর আগের দিন মালিকানা ছেড়ে দিতে বিসিবিকে চিঠি দেন স্বত্বাধিকার আব্দুল কাইয়ুম। পরে বিসিবিই ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, কাইয়ুমের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ৪টি ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাচের ফলাফল বা যেকোনো অংশ বেআইনিভাবে প্রভাবিত করা; ফিক্সিং করা বা ফিক্সিংয়ের কোনো পরিকল্পনা বা চুক্তির সঙ্গে যুক্ত থাকা এবং দুর্নীতির জন্য পাওয়া কোনো প্রস্তাবের বিস্তারিত তথ্য দুর্নীতিবিরোধী অফিসারকে না জানানো।

কোনো উপযুক্ত কারণ ছাড়াই দুর্নীতিবিরোধী অফিসারের তদন্তে সাহায্য না করা, যার মধ্যে নিজের ব্যবহৃত মূল মুঠোফোনটি জমা দেওয়ার নির্দেশ না মানাও অন্তর্ভুক্ত এবং ফরেনসিক পরীক্ষার জন্য মূল মুঠোফোনটি দিতে অস্বীকার করে তদন্তে বাধা তৈরির অভিযোগ রয়েছে কাইয়ুমের বিরুদ্ধে।

এ ছাড়া বিপিএলের ১১তম আসরে দুর্বার রাজশাহী ও ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার ও টিম অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করা আমিন খানের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী চারটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে।

ম্যাচের ফলাফল বা যেকোনো অংশ বেআইনিভাবে প্রভাবিত করা, ফিক্সিং করা বা ফিক্সিংয়ের কোনো পরিকল্পনা বা চুক্তির সঙ্গে যুক্ত থাকা। অন্য কোনো খেলোয়াড় বা কর্মকর্তাকে দুর্নীতি করতে সরাসরি বা পরোক্ষভাবে প্ররোচিত করা, উৎসাহিত করা বা সাহায্য করা। পাশাপাশি উপযুক্ত কারণ ছাড়াই দুর্নীতিবিরোধী অফিসারের নির্দেশ বা চাওয়া অনুযায়ী তদন্তে সাহায্য না করা বা সহযোগিতা করতে অস্বীকার করা। তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য বা মেসেজ লুকিয়ে ফেলা বা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়া বা দেরি করানোর অভিযোগ আছে আমিন খানের বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তিদের এসব অভিযোগের বিষয়ে ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার সময় বেঁধে দিয়েছে বিসিবি। এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের সাবেক পরিচালক মোখলেছুর রহমান, সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হাসান ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করে বিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category