• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।

তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য দুই আসামি হলেন—ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। এর মধ্যে মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন।

এর আগে গত ১৯ এপ্রিল তোফায়েল আহমেদসহ দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে স্থানান্তর ও উত্তোলন করেন।

এতে আরও বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট ১ কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। তদন্ত শেষে তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় কার্যকর করে নিম্ন আদালতে পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category