• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

পাঁচ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ, সাবেক কাস্টমস কমিশনার বেলাল চৌধুরীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার / ২০২ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ও কাস্টমস বিভাগের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, বেলাল চৌধুরী তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ ১১ হাজার ১৬৬ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। তবে যাচাইয়ে তাঁর নামে ১৩ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৮৭৯ টাকার সম্পদ পাওয়া যায়। অর্থাৎ তিনি ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ গোপন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দায়দেনা বাদে বেলাল চৌধুরীর নিট সম্পদের পরিমাণ ৭ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৪১৩ টাকা। আর পারিবারিক ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ ১৬ কোটি ৫০ লাখ ৯ হাজার ৪২৬ টাকা। এর বিপরীতে তাঁর বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ১১ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৩০ টাকা।

দুদকের ভাষ্যমতে, হিসাব অনুযায়ী বেলাল চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার সম্পদ অর্জন করেছেন। তিনি সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে প্রতীয়মান হয়।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, বেলাল চৌধুরী বেনাপোল কাস্টম হাউসের কমিশনার এবং শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে এসব অনিয়ম ও দুর্নীতি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category