• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সুদের টাকার জন্য গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন, অতঃপর

স্টাফ রিপোর্টার / ২১৮ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে শাহনাজ বেগম পাখি (৩৮) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাছিমা বেগমকে (৪২) নামে স্থানীয় এক নারীসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন গৃহবধূর মা হাজেরা।

এর আগে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাছিমা বেগমকে (৪২) ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার শিকার শাহনাজ বেগম পাখি বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

আগুনে পুড়ে যাওয়া পাখির স্বামী আমিন খান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমি বাড়ির পাশে দোকানে বসে ছিলাম। ওই সময় আমার ভগিনা শাকিল জানায় তার মামির গায়ে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে ঘরের পাশে ডোবায় পড়ে থাকতে দেখি। তখন তার শরীরে অনেক জায়গা আগুনে পুড়ে গেছে। ওই অবস্থায় বাড়ির লোকজনের সহায়তায় স্ত্রীকে নিয়ে সদর হাসপাতালে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পাখির শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

তিনি আরও বলেন, আমার স্ত্রী পাখির সঙ্গে প্রতিবেশি প্রবাসী হাফেজ ফয়েজ আহাম্মদের স্ত্রী নাছিমা বেগমের সুদে নেওয়া টাকা পরিশোধ নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এসব বিষয় নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে। এর আগে, নাছিমা আমার স্ত্রীকে একাধিকবার হত্যার চেষ্টা করে এবং হুমকি-ধমকি দেয়। এসব ঘটনায় আমার স্ত্রী আদালতে মামলাও করেছে। ওই মামলা চলমান আছে। সবশেষ নাছিমা তার লোকজনসহ পাখির হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা করে।

একই বাড়ির নুরুল ইসলাম খানের স্ত্রী মেহেরুন্নেছা বলেন, ঘটনার সময় ঘরের লোকজনের চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি আমিনের ঘরে আগুন, আর রান্না ঘরের পাশের ডোবার পানির মধ্যে পড়ে আছে পাখি। তখন লোকজন জড়ো হয়। সে বলছিল আমাকে বাঁচান। পরে তার স্বামী আমিন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য এবং ওই বাড়ির বাসিন্দা নুরজাহান বেগম বলেন, আমার জানা মতে পাখি আর নাছিমা আপন বোনের মত সম্পর্ক ছিল। টাকা লেনদেন নিয়ে বিরোধ আগেই মীমাংসা হয়েছে। বাড়ির লোকসহ আরও কয়েকজন বসে স্ট্যাম্প করে লেনদেনের সব টাকা পরিশোধ করে দিয়েছে। এর বাইরে কোনো লেনদেনের বিষয় আমরা জানি না।

ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, সুদের টাকা নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠক হয়েছে। সেখানে আমরা দুটি স্ট্যাম্প পাই। একটিতে ২৫ হাজার টাকা। ওই ২৫ হাজার টাকা সুদসহ পাখি ৩০ হাজার টাকা পরিশোধ করে। আরেকটিতে পাই ৫০ হাজার টাকা। এই টাকার সুদ ১০ হাজার টাকা পরিশোধ করেছে। তবে নাছিমা আমাদের কাছে বলে পাখি আরও দুই লাখ নিয়েছে। ওই টাকার পরিমাণ সাদা কাগজে লেখা রয়েছে। তবে ওই কাগজে যাদের স্বাক্ষী করা হয়েছে তারা বলেছেন, তারা টাকা লেনদেন সম্পর্কে কিছুই জানেন না এবং তাদের সামনে লেনদেন হয়নি।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, নাছিমা ও পাখির লেনদেন দিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক হয়েছে। শুধুমাত্র পাখির সঙ্গে নয়, সুদের কারবার নিয়ে নাছিমার সঙ্গে অন্যদেরও বিরোধ হয়েছে। এর আগেও পাখির ঘরে রাতে ইটপাটকেল মারা হয়েছে। হাত-পা বেঁধে হত্যার চেষ্টা করা হয়েছে। এসব কথা পাখি আমাদেরকে জানিয়েছে। নাছিমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন কয়েকদিন আগে এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনা জানার পর রাতেই ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি সুদের টাকা লেনদেন নিয়ে পাখি ও নাছিমার মধ্যে বিরোধ। এ সব ঘটনায় উভয়পক্ষের অভিযোগ আছে। পুলিশের একাধিক টিম পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। পাখির মা বিকেলে মামলা করেছে। অভিযুক্ত নাছিমাকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category