ভারতের তেলেঙ্গানায় দুর্নীতিবিরোধী অভিযানে হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (এইচএমডিএ) প্রধান প্রকৌশলী বি. রবীন্দরকে গ্রেপ্তার করেছে রাজ্যের দুর্নীতি দমন ব্যুরো (এএসিবি)। তার বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।বুধবার (১৫ জুলাই) রবীন্দরের বাসা, কার্যালয় এবং তার আত্মীয়স্বজন, সহযোগী ও কথিত বেনামি মালিকদের সঙ্গে সংশ্লিষ্ট নয়টি স্থানে একযোগে অভিযান চালায় এএসিবি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।অভিযানে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। সরকারি নিবন্ধনমূল্য অনুযায়ী জব্দ করা সম্পদের মূল্য প্রায় ৯ কোটি ২৪ লাখ রুপি। তবে হায়দরাবাদের পশ্চিমাঞ্চলে জমির বর্তমান বাজারদর বিবেচনায় এসব সম্পদের মূল্য ১০০ কোটিরও বেশি বলে ধারণা করছে তদন্ত সংস্থা।
এএসিবির তথ্যমতে, উদ্ধার হওয়া সম্পদের মধ্যে রয়েছে রাঙ্গা রেড্ডি জেলায় পাঁচটি খালি প্লট, নারসিংগি ও নানাকরামগুডায় চারটি আবাসিক ফ্ল্যাট, শামশাবাদের গুদুর গ্রামে চার একর কৃষিজমি, মোকিলায় ৩০০ বর্গগজের একটি নির্মাণাধীন ভিলা এবং কন্ডাপুরের মসজিদ বান্দা এলাকায় একটি চারতলা বাণিজ্যিক-আবাসিক ভবন।
এ ছাড়া অভিযানে ৩ লাখ ৮২ হাজার রুপি নগদ, ৪৫ লাখ ৫ হাজার রুপির ব্যাংক আমানত, ১ দশমিক ৪৪ কেজি স্বর্ণালংকার, ১২ দশমিক ৫ কেজি রুপা, মূল্যবান গৃহস্থালি সামগ্রী, ৯ কোটিরও বেশি রুপির বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং চারটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়িগুলোর মধ্যে রয়েছে ইনোভা হাইক্রস, টাটা সাফারি, ইনোভা ক্রিস্টা ও মাহিন্দ্রা এক্সইউভি।
গ্রেপ্তারের পর রবীন্দরকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। এএসিবি জানিয়েছে, তার আরও সম্পদ, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য বেনামি মালিকানার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।