চট্টগ্রামে সাংবাদিককে থানা হাজতে আটকে রেখে হেনস্থার অভিযোগ উঠেছে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে। আজ বুধবার রাতে নগরীর ডবলমুরিং থানায় এ ঘটনা ঘটে। হেনস্থার শিকার সাংবাদিক হলেন-দৈনিক যায়যায়দিন পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিবেদক সাহিদুল ইসলাম মাসুম। তার দাবি, তিনি পেশাগত দায়িত্ব পালনকালে ওসির হাতে ‘হামলা এবং শারীরিক লাঞ্ছনা’র শিকার হয়েছেন।
মাসুম জানান, পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে দেখেন, ওসি বাবুল আজাদ শ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি ফুটেজ নিতে থাকেন। ফুটেজ নিতে দেখে ওসি তাকে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে তার দিকে তেড়ে আসেন। পরে সাংবাদিকরা জড়ো হয়ে তার কার্যালয়ে গেলে সেখানে কথা বলার এক পর্যায়ে ওসি তেড়ে এসে তাকে টেনে হিঁচড়ে হাজতে নিয়ে আটকে রাখেন। ২০ মিনিট তাকে আটকে রাখার পর এক পর্যায়ে টেনে হিঁচড়ে আবার থানা হাজত থেকে বের করে দেন।
এ প্রসঙ্গে জানতে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে কল দিলেও তিনি সাড়া দেননি। সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) কাজী মো. বিধান আবিদ কল রিসিভ করলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।