অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সড়ক ও রেল খাতে প্রকল্প ব্যয় কমানোর ওপর বেশি জোর দিয়েছে। এরই মধ্যে চলমান ও প্রায় সমাপ্ত বেশ কিছু প্রকল্পে ব্যয় কমানো হয়েছে। এ ছাড়া ‘অপ্রয়োজনীয়’ প্রকল্প বাদ দেওয়ার পাশাপাশি নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে রক্ষণশীল মনোভাব দেখা গেছে।
তবে বিগত সরকারের আমলে পরিবহন খাতে যে বিশৃঙ্খলা ছিল, তা নিরসনে অন্তর্বর্তী সরকার তেমন সাফল্য দেখাতে পারেনি। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে। মেয়াদোত্তীর্ণ বাস-ট্রাক উচ্ছেদে উদ্যোগ নেওয়া হলেও পরিবহন মালিক-শ্রমিকদের বাধায় এবারও সাফল্য খুব একটা নেই। ঢাকার যানজট নিরসন ও গণপরিবহনে নৈরাজ্য আগের মতোই আছে।
অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন, সেতু বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সরকারের এক বছর পূর্তি উপলক্ষে এই দুই মন্ত্রণালয় ও এর অধীন বিভাগগুলো কী পরিমাণ ব্যয় সাশ্রয় করেছে, তার একটা তালিকা তৈরি করা হয়েছে। এতে দেখানো হয়েছে, গত এক বছরে প্রকল্পের ব্যয় কমিয়ে প্রায় ১৪ হাজার কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।