দুর্নীতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খবির হোসেন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে শরীয়তপুর জেলা কোর্ট এলাকায় সংবাদ সম্মেলনে তিনি দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
খবির হোসেনের অভিযোগ, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা বলে মনোনয়ন ফরমের জন্য প্রায় ৯০ লাখ টাকা এবং চূড়ান্ত মনোনয়নের সময় দলীয় কার্যালয়ের জন্য প্রায় ৩ কোটি টাকা মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে নেওয়া হয়েছিল। পরে এককভাবে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা করে মাত্র একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি।
তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে নেওয়া টাকা দিয়ে নুরুল হক নুর তার নির্বাচনী আসনে নির্বাচন করেছেন। এরপর আমার মতো হাজার হাজার নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন। নুরুল হক নুর একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি।’
খবির হোসেন আরও অভিযোগ করেন, দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার অনৈতিক কর্মকাণ্ড ও স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে তিনি বিব্রত ও ক্ষুব্ধ। দলের প্রতিষ্ঠাকালীন আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডের সঙ্গে আপস করতে চান না জানিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
উল্লেখ্য, ২০২১ সালে আত্মপ্রকাশ করা গণঅধিকার পরিষদ (জিওপি) ২০২৪ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। দলটির সভাপতি নুরুল হক নুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে জোটে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।