বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। দুর্নীতির অভিযোগ ঘিরে সংস্থাটি এবং বাংলাদেশ কর্তৃপক্ষের তদন্তের মুখে বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি এই পদে ইস্তফা দেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পুতুল। তবে একই বছর তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তীতে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠায় ডব্লিউএইচও তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠায়।
ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে পাঠানো পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ পুতুল চীন সফরকালে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য প্রদান এবং অবৈধভাবে জমি নেওয়ার সব অভিযোগ অস্বীকার করেছেন।
তবে ইস্তফাপত্রে তিনি ডব্লিউএইচও প্রধানের প্রতি অসন্তোষ প্রকাশ করে লেখেন, “আপনি যেহেতু আমাকে কার্যকরভাবে দায়িত্ব পালনে বাধা দিয়ে চলেছেন, তাই ডব্লিউএইচওতে আপনার নেতৃত্বের ওপর আমার সব আস্থা হারিয়ে ফেলেছি। তাছাড়া, দীর্ঘ প্রায় এক বছর বেতনবিহীন অবস্থায় থাকায় আমার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। তাই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।